সিনাই উপদ্বীপে প্রায় ৪০,০০০ সেনা মোতায়েন করেছে মিশর

গাজা উপত্যকার সীমান্তবর্তী এলাকায় সামরিক ঘাঁটি, রানওয়ে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের পাশাপাশি প্রায় ৮৮টি সামরিক ব্যাটালিয়ন মোতায়েন করেছে মিশর। এর মধ্যে রয়েছে প্রায় ৪০,০০০ সৈন্য এবং ১,৫০০-এর বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান।
মিশরের একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, বর্তমানে উত্তর সিনাইয়ে ৪০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে, যা ইসরায়েল ও মিশরের মধ্যে ১৯৭৯ সালে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড শান্তি চুক্তিতে উল্লেখিত সংখ্যার চেয়ে অনেক বেশি। একটি সূত্র জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে মিসরীয় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় দেখা যাচ্ছে।
কায়রো আশঙ্কা করছে, গাজার বাসিন্দাদের সিনাইয়ে ঠেলে দেওয়া হতে পারে, বিশেষ করে গাজায় ইসরাইলি অভিযান এবং ফিলিস্তিনিদের পুনর্বাসনের আহ্বানের প্রেক্ষাপটে সেই ধারণা আরো প্রকট আকার ধারণ করছে। মিশর স্পষ্ট করে বলেছে, ব্যাপক বাস্তুচ্যুতির যে কোনও প্রচেষ্টা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং এটি লাল রেখা হিসেবে বিবেচিত হবে।
সূত্রঃ এমইআই, এজে
