পশ্চিম তীরে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের নিয়ন্ত্রণ দখল করল ইসরাইল।

ফিলিস্তিনি-নিয়ন্ত্রিত হেবরন পৌরসভার কাছ থেকে ইব্রাহিমি মসজিদের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিয়েছে ইসরাইল। এবং বর্তমানে এটি একটি ইহুদি বসতি স্থাপনকারী ধর্মীয় পরিষদের কাছে হস্তান্তর করেছে।
গত মঙ্গলবার ইসরাইলি সংবাদপত্র 'ইসরাইল হায়োম' প্রকাশ করেছে যে, ফিলিস্তিনি-পরিচালিত হেবরন পৌরসভা থেকে কিরিয়াত আরবা বসতিতে অবস্থিত ইহুদি ধর্মীয় পরিষদের কাছে ইব্রাহিমি মসজিদের ব্যবস্থাপনা দায়িত্ব হস্তান্তর করেছে।
১৯৯৪ সাল থেকে ইব্রাহিমি মসজিদটি ইসরাইলি দখলদারিত্বে রয়েছে, যখন একজন ইসরাইলি দখলবাজ ২৯ জন ফিলিস্তিনি ইবাদতকারীকে হত্যা করেছিল।
তারপর থেকেই দখলবাজ ইহুদি এবং মুসলিমদের মাঝে স্থানটি ভাগ করে দেয় ইহুদিবাদী ইসরাইলি প্রশাসন। যার ৬৩ শতাংশ ইসরাইলি বসতি স্থাপনকারীদের জন্য এবং বাকি ৩৭ শতাংশ মুসলিমদের জন্য। এখানে প্রায় ৪০০ দখলবাজ ইসরাইলি বসবাস করে এবং তাদের পাহারায় নিযুক্ত করা আছে ১,৫০০ এর মতো ইসরাইলি সৈন্য।
